কুষ্টিয়ায় শুরু হলো ঐতিহ্যবাহীকালীপূজা ও মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা। গত শুক্রবার দিবাগত রাত ১২টায় পশু বলির মধ্য দিয়ে এ পূজা শুরু হয়। গতকাল শনিবার গোধূলীতে গড়াই নদে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বার্ষিক এ পূজা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
প্রতিবছর মাঘ মাসের অমাবস্যা তিথিতে এ পূজার আয়োজন করা হয়। এবার কুষ্টিয়া ছাড়াও দেশের বিভিন্ন জেলা এবং ভারত থেকে এ উৎসবে যোগ দিতে এসেছেন শত শত ভক্ত ও অনুরাগী। পূজা ঘিরে খোকসা শহরঘেঁষা গড়াই নদের পাশে কালীমন্দির প্রাঙ্গণে বসেছে সাত দিনব্যাপী মেলা। মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
গতকাল সরেজমিনে দেখা যায়, কালীপূজায় সন্ন্যাসী ও বাউলদের উপস্থিতি চোখে পড়ার মতো। অসুস্থ মানুষের চিকিৎসার জন্য রয়েছে বিশেষ ক্যাম্প। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য মন্দির ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কালীবাড়ির মাঠে কাঠ, বেত, লোহা ও মনিহারি পণ্য, শাঁখা-সিঁদুর ও বিভিন্ন পূজার তৈজসপত্র বেচাকেনা চলছে।
কালীপূজা মন্দির কমিটির সভাপতি সুপ্রভাত কুমার মালাকার বলেন, কালীপূজা ও গ্রামীণ মেলা এ জনপদের মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে।
খোকসার এই কালীপূজা কবে থেকে শুরু হয়েছে, তার সঠিক ইতিহাস খুঁজে পাওয়া মুশকিল। তবে মন্দিরের বর্তমান পূজারি প্রবোধ কুমার চক্রবর্তীর সপ্তদশ ঊর্ধ্বতন পুরুষ রামাদেব তর্কালংকার পূজার প্রচলন করেন বলে জানা যায়। আর এ থেকে অনুমান করা হয়, এই কালীপূজার বয়স প্রায় সাড়ে পাঁচ শ বছর।