কুষ্টিয়ায় শ্রমিককে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ইসহাক আলী (৫৫) নামের এক শ্রমিককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে উপজেলার খালিশপুর জুট মিলের ক্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইসহাক আলী খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খালিশপুর জুটমিলের ক্রয়কেন্দ্রের একজন ওজন করণিক ছিলেন। সোমবার গভীর রাতে কে বা কারা ওই মিলে ঢুকে ইসহাক আলীকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রেখে যায়। স্থানীয় ব্যক্তিরা বিষয়টি টের পেয়ে ভোরে তাঁকে খোকসা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসহাক আলীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। খোকসা থানার ওসি আক্কাচ আলী প্রথম আলোকে বলেন, ইসহাক আলী ফরিদপুরের বোয়ালমারি উপজেলার তেঁতুলিয়া গ্রামের হারেচ মোল্লার ছেলে। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।