কুষ্টিয়ায় সংঘর্ষে একজন নিহত
কুষ্টিয়া সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আবদুল জব্বার মণ্ডল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাতটার দিকে উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে। আবদুল জব্বার নাজিরপুর গ্রামের খোকা মণ্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আজাহার মণ্ডলের সঙ্গে একটি জমি নিয়ে দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী শেওড়াতলা গ্রামের জহুরুল ইসলামের বিরোধ ছিল। গতকাল সকালে আজাহার মণ্ডলের ছেলেরাসহ কয়েকজন দিনমজুর বিরোধপূর্ণ ওই জমিতে ধানের চারা লাগাচ্ছিলেন। খবর পেয়ে জহুরুল ইসলামের ২০-২৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে ওই জমিতে গিয়ে ধান লাগাতে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আজাহার মণ্ডলের পক্ষের আবদুল জব্বারসহ উভয় পক্ষের ছয়-সাতজন লোক আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আবদুল জব্বারকে মৃত ঘোষণা করেন।