কুষ্টিয়ায় সন্ত্রাস প্রতিরোধে লাঠি-বাঁশি বিতরণ
কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় এক সপ্তাহ ধরে জনগণের মাঝে লাঠি বাঁশি বিতরণ করা হচ্ছে, যাতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে পারে। তাদের মনে শক্তি জোগাতে এর আয়োজন করা হচ্ছে।
গতকাল সোমবার কুষ্টিয়া শহরের শাপলা চত্বরে ও বড় বাজারে ব্যবসায়ীদের মাঝে এ লাঠি-বাঁশি বিতরণ করা হয়। এর আগে জেলার দৌলতপুর, মিরপুর ও কুমারখালীতে পৃথক আয়োজনে জনগণের হাতে লাঠি-বাঁশি তুলে দেওয়া হয়।
গতকাল সোমবার দুপুরে শহরের শাপলা চত্বরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবসায়ীদের মাঝে লাঠি ও বাঁশি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, ‘দেশের আইন-কানুন সঠিকভাবে মেনেই আপনারা ব্যবসা করবেন। ব্যবসা করতে গিয়ে যদি কোনো সন্ত্রাসী চাঁদাবাজি করে, তাহলে তাদের প্রতিহত করতে এই লাঠি-বাঁশি কার্যকর ভূমিকা রাখবে। দশের লাঠি একের বোঝা। সবাই মিলে এগিয়ে এলে সন্ত্রাসী ও চাঁদাবাজরা পিছু হটতে বাধ্য হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, ‘লাঠি-বাঁশি হচ্ছে আপনাদের (ব্যবসায়ীদের) শক্তি। এটি সন্ত্রাস নির্মূলে আপনাদের মনোবল বাড়িয়ে দিতে পারে। দেশ স্বাধীনের সময় নিরস্ত্র জনগণের লাঠিই ছিল মূল হাতিয়ার। সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গিবাদ ও গুপ্তহত্যা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।’
ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এস এম কাদেরী শাকিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকাররম হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মুরাদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে থানা ট্রাফিক মোড় থেকে আগা ইউসুফ মার্কেট পর্যন্ত সমিতির সাড়ে ৪ শতাধিক ব্যবসায়ীর মাঝে লাঠি ও বাঁশি বিতরণ করা হয়।
পরে বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকাররম হোসেনের সভাপতিত্বে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মতবিনিময় শেষে বড় বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের মাঝেও লাঠি ও বাঁশি বিতরণ করা হয়।