কুষ্টিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি চারজন আহত
কুষ্টিয়ার দৌলতপুরে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে চার ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করিয়েছে। তাঁরা হলেন মাঝদিয়ার গ্রামের ইয়াজুল খামারু (৬৫), আশরাফ কবিরাজ (৬০), এজাজুল ইসলাম (২৮) ও সিরাজুল ইসলাম (৪৫)। দৌলতপুর থানার পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মাঝদিয়ার গ্রামের মোড়ের একটি চায়ের দোকান লক্ষ্য করে চার-পাঁচজনের একদল সশস্ত্র সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে চারজন গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করায়। তাঁদের অবস্থা গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে কারা এ হামলা চালিয়েছে, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পরপরই দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে। আহত ব্যক্তিরা পুলিশের কাছে সন্ত্রাসীদের পরিচয় দিয়েছে। যত দ্রুত সম্ভব, তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দৌলতপুর থানায় মামলা করার প্রক্রিয়া চলছিল।