কুষ্টিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ‘চরমপন্থী’ নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে সোনা সরদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মজিবর রহমান (৩৮) নামের এক চায়ের দোকানি আহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। সোনা সরদার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামের বাসিন্দা ছিলেন।কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম বলেন, সোনা সরদার চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে সোনা সরদারসহ কয়েকজন ব্যক্তি লালনগর গ্রামের বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে মুখোশ পরা দুই ব্যক্তি চায়ের দোকানের সামনে এসে পর পর দুটি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে সোনা সরদার ও মজিবর রহমান গুলিবিদ্ধ হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোনাকে মৃত ঘোষণা করেন। মজিবর রহমানের বাঁ হাতে গুলি লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।