কুষ্টিয়ায় সম্ভাব্য প্রার্থীর বাড়িতে বোমা হামলা
কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামে তবিবর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবিবর আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।তবিবর রহমান জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গায় তাঁর বাড়িতে দুর্বৃত্তরা পর পর তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তাঁর স্ত্রী-কন্যা বাড়িতে ছিলেন। তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। তাঁকে হত্যার উদ্দেশ্যে এ বোমা হামলা চালানো হতে পারে বলে তাঁর ধারণা। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তবিবরের বাড়ির উঠান এবং রান্নাঘরের ওপর থেকে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।