কুষ্টিয়ায় সম্মানী ভাতা পেলেন পাঁচ নারী মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মানী ভাতা পেলেন কুমারখালী উপজেলার পাঁচ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা। উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে সম্মানী ভাতার চেক তুলে দেওয়া হয়।
সম্মানী ভাতা পাওয়া পাঁচ নারী মুক্তিযোদ্ধা হলেন মোছা. মোমেনা খাতুন, মোছা. দোলজান নেছা, মোছা. এলেজান নেছা, মোছা. মজিরন নেছা ও মোছা. মাসুদা খাতুন।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান খান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোকাদ্দেস হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলার মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তারা।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, কুমারখালী উপজেলার পাঁচজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার নাম পাঠানোর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে তাঁদের নামের তালিকা প্রকাশ করে। এর পাশাপাশি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এই পাঁচজনের অনুকূলে বিতরণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনকে ৮৪ হাজার টাকা করে ও একজনকে ৬০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া তাঁরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা পাবেন।