কুষ্টিয়ায় সাংবাদিককে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল-এর কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানাকে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে আধা ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মডেল থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দুটি করা হয়। কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা যায়, তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলাটি করেন দৈনিক সমকাল-এর প্রতিনিধি সাজ্জাদ রানা। নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করে অপর মামলাটি করেন আমাদের সময়-এর কুষ্টিয়া প্রতিনিধি শামসুল আলম স্বপন। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেশমা খাতুন মামলা দুটির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শামসুল আলম স্বপনের মামলাটি মঙ্গলবার রাত সোয়া আটটায় ও সাজ্জাদ রানার মামলাটি রাত পৌনে নয়টায় করা হয়।সংশোধন: গতকাল বুধবার প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় প্রকাশিত ‘কুষ্টিয়ায় ওসির কক্ষে সাংবাদিককে মারধর’ শিরোনামে সংবাদের চতুর্থ প্যারায় ভুলবশত কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপারের নাম (খোকসা কুমারখালী সার্কেল) বনমালী ভৌমিক লেখা হয়েছে। এখানে বনমালী ভৌমিকের স্থলে সি এ হালিম পড়তে হবে। প্রকৃতপক্ষে বনমালী ভৌমিক কুষ্টিয়ার জেলা প্রশাসক। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। বার্তা সম্পাদক।