কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধিসহ চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।কুমারখালী থানার ওসি আতিয়ার রহমান প্রথম আলোকে জানান, ২ নম্বর আসামি শাহিনকে গতকাল শনিবার ভোরে উপজেলার ঘট্রিয়াঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি আলী হোসেনের গ্রামের বাড়িসহ তাঁর আত্মীয়স্বজনের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। আসামি গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা শাখাও কাজ করছে।কুষ্টিয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলাকারীরা ছাড় পাবে না। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুব শিগগির অন্যদেরও গ্রেপ্তার করা হবে।’এদিকে চিকিৎসা শেষে আহত সাংবাদিকেরা গতকাল সকালে হাসপাতাল ছেড়েছেন। গত শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা আনোয়ার আলী, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি মতিউর রহমান, বিশিষ্ট লালনগবেষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল আহসান চৌধুরীসহ অনেকে আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান।সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন কুষ্টিয়া উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সমর রায়, রবীন্দ্র সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিল্পী অশোক সাহা, কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুই প্রমুখ।মানববন্ধনআমাদের পাবনা অফিস জানায়, কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে পাবনায় গতকাল মানববন্ধন ও সমাবেশ হয়েছে। পাবনা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শহরের আবদুল হামিদ সড়কে বেলা একটায় প্রায় ৪০ মিনিটের ওই মানববন্ধনে সাংবাদিক ছাড়াও শিক্ষক, আইনজীবী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।পরে পাবনা প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি করা হয়। প্রসঙ্গত, গত শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ির সংস্কারসহ চারটি কাজের অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।