কুষ্টিয়ায় সাত ঘণ্টার ব্যবধানে দুজনকে হত্যা
কুষ্টিয়ার দুটি উপজেলায় গতকাল বৃহস্পতিবার আলাদা দুটি ঘটনায় সাত ঘণ্টার ব্যবধানে দুজনকে হত্যা করা হয়েছে। রাত সাড়ে আটটা ও দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এসব ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মিরপুর উপজেলার চিথলিয়ার কাপড় ব্যবসায়ী মিলন কুমার কর (৪০) ও দৌলতপুর উপজেলার ওয়াজেদ আলী (৭৮)।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মিলন কুষ্টিয়া শহরের মিলপাড়ার মৃত সতীন্দ্র নাথ করের ছেলে। শহরের এনএস রোডে তাঁর মডার্ন ক্লথ স্টোর নামে কাপড়ের দোকান রয়েছে। ওয়াজেদ আলী শশীধরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
মিলনের পরিবার সূত্রে জানা গেছে, প্রতি বৃহস্পতিবার মিলন দৌলতপুর ও ভেড়ামারা শহরে কাপড় বিক্রির টাকা আদায় করতে যেতেন। গতকাল রাতে ভেড়ামারা উপজেলা শহরে কাপড়ের টাকা আদায় শেষে তিনি গৌতম নামের এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে ফিরছিলেন।
পুলিশ জানায়, চিথলিয়া মাঠের কাছে ছিনতাইকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে মিলনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এতে মিলন ঘটনাস্থলে মারা যান। ছিনতাইকারীরা গৌতমকে মারধর করে বেঁধে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে।
একই রাতে কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে ওয়াজেদ আলী খুন হন। পুলিশ জানায়, শালিমপুর গ্রামের জানবার আলী, মোস্তফা ও আবদুল মান্নানসহ সাত-আটজন ওয়াজেদ আলীর খেতের গম কাটতে থাকেন। খবর পেয়ে ওয়াজেদ আলী ও তাঁর দুই ছেলে একরামুল হক (৪৫) ও আক্কাস আলী (৪২) খেতে গিয়ে বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে ওয়াজেদ আলী মারা যান। গুরুতর আহত তাঁর দুই ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।