কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কুষ্টিয়া জেলা জজ আদালতে ৩ মে গোপনে অভিযোগপত্র দাখিল করে যশোর সিআইডি। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলাটিও তারা তদন্ত করছে।কুষ্টিয়ার জেনারেল রেজিস্র্বার অফিস (জিআরও) সূত্র জানায়, ৩ মে যশোর সিআইডি পুলিশের পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আলী আজম অভিযোগপত্র দাখিল করেন। এতে জাহিদুল ইসলাম, জামিরুল ইসলাম, আবদুস সালাম, মিন্টু, রুহুল আমিন, কামারুল আরেফিন ও আবদুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে কামারুল ও আবদুল্লাহ আল মামুন ছাড়া সবাই কুষ্টিয়া জেলা কারাগারে আছেন।জিআরওর উপসহকারী পরিদর্শক নার্গিস খাতুন জানান, আসামিদের মধ্যে আবদুস সালাম জামিনের আবেদন করেছেন। আগামী ১৬ জুন ওই আবেদনের শুনানি হবে। এরপর মামলার বিচার-প্রক্রিয়া শুরু হবে।জেলার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সূত্র জানায়, মামলার আসামি কামারুল আরেফিন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অপর আসামি জামিরুল ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সঙ্গে কামারুল জড়িত বলে জানিয়েছেন। এরপর গত বছরের ২১ নভেম্বর দলীয় পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। তবে মিরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হালিম গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, কেন্দ্রে বহিষ্কারের সুপারিশ গৃহীত না হওয়ায় কামারুল এখনো স্বপদে আছেন। এ ছাড়া মামলার প্রধান আসামি জাহিদুল দৌলতপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।গত বছরের ১৩ নভেম্বর রাতে সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে বোমা বিস্ফোরণে এক শিক্ষকসহ দুই হামলাকারী নিহত হন। আহত হন আরেক শিক্ষক। এ ঘটনায় সাংসদের ছেলে এজাজ আহমেদ হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা করেন।