কুষ্টিয়ায় সেই হোটেলমালিক কারাগারে
কুষ্টিয়ায় মার্কিন নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগে হোটেলমালিক বিশ্বনাথ সাহা বিশুকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন চৌধুরী বলেন, ই-মেইলে পাঠানো সাংবাদিকের অভিযোগটি গত রোববার সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নেওয়া হয়। এরপর গতকাল দুপুরে শহরের ছয়রাস্তা মোড় এলাকা থেকে বিশ্বনাথকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
হেনস্তার শিকার মার্কিন নারী ফটোসাংবাদিকের বাংলাদেশি দুজন বন্ধু ও পুলিশ সূত্র জানায়, ৫ মার্চ কুষ্টিয়া শহরের থানাপাড়ায় আবাসিক হোটেল ‘খেয়া’র একটি কক্ষে ওঠেন ওই নারী। ওই দিন রাত একটার দিকে হোটেলের মালিক বিশ্বনাথ সাহা মদ্যপ অবস্থায় তাঁর কক্ষের দরজা খুলতে বলেন। একই সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন। দরজা না খোলায় বিশ্বনাথ হোটেলের রেজিস্ট্রার থেকে সাংবাদিকের মুঠোফোন নম্বর নিয়ে বারবার ফোন করতে থাকেন। ভীত হয়ে কুষ্টিয়ায় এক বন্ধুকে ফোন করেন ওই সাংবাদিক। রাতেই তাঁকে হোটেল থেকে উদ্ধার করেন ওই বন্ধু।
এ ঘটনার পর হেনস্তার শিকার ওই নারী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ই-মেইলে অভিযোগ পাঠান।