কুষ্টিয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়া সদর উপজেলার হরিণারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামে রাকিবুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই গ্রামের একটি গোরস্থান থেকে পুলিশ রাকিবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবারের অভিযোগ, অপহরণের পর সন্ত্রাসীরা রাকিবুলকে হত্যা করেছে। সে বেরবাড়াদি গ্রামের প্রবাসী রিয়াজুল হকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাকিবুল গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বাইসাইকেল নিয়ে স্থানীয় হরিণারায়ণপুর বাজারে যায়। বেলা দুইটার দিকে সে হেঁটে বাড়ি ফিরে যায়। তাঁর মা সাইকেলের কথা জিজ্ঞেস করলে সে জানায় হারিয়ে গেছে। পরে সে আবার বাড়ি থেকে বের হয়। বেলা তিনটার পর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। আজ সকালে এলাকার লোকজন পার্শ্ববর্তী শিবপুর গ্রামের গোরস্থানে রাকিবুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ লাশ উদ্ধার করে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা রাকিবুলকে রাতের কোনো একসময় হত্যা করেছে। তার গলায় পাঁচ-ছয়টি আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করা হচ্ছে।