কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তরুণের নাম রাকিবুল ইসলাম (১৮)। তাঁর বাড়ি উপজেলার ফুলবাড়িয়া গ্রামে।পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় রাকিবুল ইসলাম কৌশলে ওই ছাত্রীকে তার বাড়ির বাইরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এলে রাকিবুল পালিয়ে যান। পরে ছাত্রীকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তার বাবা মিরপুর থানায় রাকিবুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সরোয়ার ফারুক জানান, ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তার শরীরের কয়েক স্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটি মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম জানান, রাকিবুল ইসলামকে গতকাল তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।