কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগের হামলায় ছাত্রলীগ নেতা আহত
আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাদের সংঘর্ষ হয়েছে। কুষ্টিয়া শহরের নারিকেলতলা এলাকায় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। এই সংঘর্ষে জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মীর সাইফুল ইসলামসহ উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সদর থানা ঘেরাও করে সমাবেশ করেন। সমাবেশ থেকে তাঁরা আজ বৃহস্পতিবার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে বহিরাগত সন্ত্রাসীরা সরকারি কলেজে প্রবেশের চেষ্টা করলে জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মীর সাইফুল ইসলাম বাধা দেন। সাইফুল ইসলামসহ আরও একজন রাতে শহরের নারিকেলতলা এলাকার বাসায় ফেরার পথে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁদের ছুরিকাঘাত করেন। এর মধ্যে সাইফুল গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে নয়টার দিকে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে সদর থানা ঘেরাও করেন। তাঁরা থানার মধ্যেই প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে আজ অর্ধদিবস হরতাল ও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়।সদর থানা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব সাংবাদিকদের জানান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও তাঁর ক্যাডাররা ছাত্রলীগের দুজন নেতাকে কুপিয়ে জখম করেছেন। এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার না করা পর্যন্ত বিক্ষোভ এবং আজ শহরে অর্ধদিবস হরতাল হবে।জেলা ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি তিনি জেনেছেন। যাঁরা হামলা করেছেন, তাঁরা স্বেচ্ছাসেবক লীগের কি না, তা তিনি জানেন না। তবে তাঁরা সন্ত্রাসী বলে তিনি মন্তব্য করেন।জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতারুজ্জামান লাবু প্রথম আলাকে বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের কোনো সম্পৃক্ততা নেই। কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুুলিশ সুপার সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।