কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩
কুষ্টিয়া সদর উপজেলার ঝিনাইদহ সড়কের কুমারগাড়া এলাকায় গতকাল শুক্রবার ট্রাকের সঙ্গে ধাক্কায় এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন চাল ব্যবসায়ী শহিদুল ইসলাম (৪৩) ও তাঁর স্ত্রী পারুল খাতুন (৩৬) ও অটোবাইকের চালক আবদুস সাত্তার (৫০)।পুুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহিদুল ও তাঁর স্ত্রী সদরের কবুরহাট এলাকায় দাওয়াত খেয়ে রিকশাভ্যানে করে গতকাল বিকেলে কুষ্টিয়া শহরতলির কুমারগাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহগামী বালুভর্তি একটি ট্রাক প্রথমে তাঁদের ভ্যানকে পরে একটি অটোবাইককে ধাক্কা দিয়ে পড়ে যায়।ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শহিদুলের স্ত্রী ও সাত্তারের মৃত্যু হয়। শহিদুলের এক নিকটাত্মীয় বলেন, শহিদুল সদর উপজেলার খাজানগর এলাকায় রানা রাইচ মিল নামের একটি চাতাল ভাড়া নিয়ে চালের ব্যবসা করতেন। তাঁর দুই ছেলে রয়েছে।