কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া আখ সেন্টারের কাছে আজ রোববার সকাল সাড়ে ১০টায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ওই স্থানে যাত্রীবাহী বাসের চাকা খুলে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা গোপালপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী শেফালী খাতুন (৪৫) ও ভেড়ামারা উপজেলার আলম শেখের ছেলে কাজল শেখ (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতপুরগামী হিসনা পরিবহনের একটি বাস রানাখড়িয়া নামক স্থানে পৌঁছালে বাসটির সামনের একটি চাকা খুলে পাশের খাদে পড়ে যায়। এতে আতঙ্কে বাসের ছাদের ওপর থাকা যাত্রী কাজল নিচে লাফ দেন। এ সময় অন্য একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শেফালী খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।