কুষ্টিয়ায় সড়কের পাশে হত্যা মামলার আসামির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে গতকাল বুধবার ফজলুর রহমান (৫৫) নামের এক পলাতক আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। একই দিন মেহেরপুরে গৃহবধূসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, কাঁচামাল ব্যবসায়ী ফজলুর রহমান কুমারখালীর আমবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে সকাল সোয়া সাতটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
কুমারখালী থানার পুলিশ সূত্র জানায়, স্থানীয় গ্রাম পুলিশ সদস্য শুকুর আলী সকাল সোয়া সাতটার দিকে পুলিশকে সড়কের পাশে একটি লাশ পড়ে থাকার খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ফজলুরের লাশটি এক প্রতিবেশী শনাক্ত করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, গলায় রশি বা তার পেঁচিয়ে শ্বাস রোধ করে ফজলুরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তাঁরা। এ ছাড়া শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছেন।
নিহত ফজলুরের ছেলে সুজন সাংবাদিকদের বলেন, এলাকায় একটি হত্যার ঘটনায় মামলা হওয়ার পর থেকেই ফজলুর পলাতক ছিলেন। কয়েক দিন ধরে বাবার সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ ছিল না। গতকাল সকালে জানতে পারেন, কুমারখালীতে লাশ পড়ে আছে। তবে কেন তাঁকে মারা হলো, তা তিনি বুঝে উঠতে পারছেন না।
পুলিশ জানায়, গত ১১ জানুয়ারি স্থানীয় আমবাড়িয়া গ্রামে পল্লি চিকিৎসক লুৎফর রহমান (সাবু) খুন হন। এ মামলায় ফজলুর ৩ নম্বর আসামি ছিলেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে আরও চার-পাঁচটি মামলা আছে।
মেহেরপুর থানার পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার হরিরামপুর গ্রামের রহিদের সঙ্গে এক বছর আগে বিয়ে হয় কুলবাড়িয়া গ্রামের দিনমজুর আনারুল ইসলামের মেয়ে টুম্পা বেগমের (২০)। গতকাল সকালে নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার হয়।
টুম্পার ফুফু আদরি বেগম অভিযোগ করেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে রহিদ ও টুম্পার মধ্যে বিবাদ চলে আসছিল। তাঁর ধারণা, গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় টুম্পাকে শ্বাস রোধ করে হত্যা করেছে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার পর থেকে রহিদ পলাতক রয়েছেন।
মেহেরপুর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মেহেরপুর সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে মুজিবনগর উপজেলার পুরন্দরপুরের বাসিন্দা আবদার আলীর (৫৫) লাশ গতকাল সকাল সোয়া আটটার দিকে ওই গ্রামের পাশের মাঠ থেকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত ব্যক্তির স্ত্রী রাবেয়া খাতুন বলেন, তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন বলেন, লাশের পাশে বিষের বোতল পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদার আত্মহত্যা করেছেন।