কুষ্টিয়ায় হঠাৎ পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টার্মিনালে গিয়ে বাস না পেয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবি: তৌহিদী হাসান
টার্মিনালে গিয়ে বাস না পেয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবি: তৌহিদী হাসান

কুষ্টিয়ায় হঠাৎ করে দূরপাল্লাসহ বিভিন্ন সড়কপথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে বেশ দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে বিভিন্ন সময়ে শ্রমিক হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা শ্রমিক ইউনিয়ন। গতকাল সোমবার রাত নয়টার দিকে ইউনিয়নের কার্যালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় তারা। ওই সভায় জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতির শীর্ষ নেতারা উপস্থিত থেকে সম্মতি দেন।

অভিযোগের বিষয়ে পুলিশের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব মামলা হয়েছে। কোনো হয়রানির উদ্দেশে নয়। পুলিশ সুপার এস এম মেহেদী হাসান বলেন, বিষয়টি সুরাহা করতে মালিক–শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসার প্রক্রিয়া চলছে।


সকাল থেকে স্থানীয় চারটি সড়কপথ ছাড়াও ঢাকা, খুলনা, রাজশাহীসহ দূরপাল্লার কোনো সড়কপথে বাস ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী।

সকাল ১০টার দিকে শহরের মজমপুর এলাকায় বাসডিপোতে গিয়ে দেখা যায়, সব বাস ডিপোতে। শ্রমিকেরা বসে আছেন। কাউন্টারের সামনে সাধারণ যাত্রীরা দাঁড়িয়ে আছেন। অনেকে বাস না পেয়ে মহাসড়কে ঝুঁকি নিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

বশির আহমেদ নামের এক ব্যক্তি বলেন, হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়া মানে সাধারণ যাত্রীদের জিম্মি করা। এটা মহা অন্যায়।

আনোয়ারা খাতুন বলেন, তিনি রাজশাহীতে চিকিৎসার জন্য যাবেন। সকালে বাসস্ট্যান্ডে এসে দেখেন, কোনো বাস যাবে না। এখন কী করবেন, বুঝতে পারছেন না।

যোগাযোগ করা হলে মুঠোফোনে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (র‍্যাব আটক করে, মামলা দিয়ে পুলিশে দেয়) সদস্যরা পরিবহনশ্রমিকদের কাছ থেকে মাদক পাচ্ছে—এমন অভিযোগে মামলা দিয়ে তাঁদের হয়রানি করছে। গত এক মাসে সাতটি মামলা হয়েছে। শ্রমিকদের আটক করে জেলে পাঠাচ্ছে।’

রেজাউল জানান, যেহেতু শ্রমিকেরা পরিবহন চালাচ্ছেন না, তাই পরিবহন বন্ধ রয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের এই পরিবহন ধর্মঘট চলবে।