কুষ্টিয়ায় হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে অপহরণের পর এক তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের আমির উদ্দিনের ছেলে রুবেল (২৩) ও মুরা উদ্দিনের ছেলে সুজন (২২)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর আসামি রুবেল ও সুজন পূর্বশত্রুতার জের ধরে হত্যা ও মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে দিঘলকান্দি গ্রামের সেন্টু মোল্লার ছেলে সবুজ মোল্লাকে (১৮) মিরপুর বাজারে পলিথিন কেনার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরদিন ১০ সেপ্টেম্বর সকালে মিরপুর রেললাইনের পাশে সবুজের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে ওই দিনই সবুজের চাচা মনিরুল ইসলাম ওরফে মন্টু মাস্টার বাদী হয়ে দৌলতপুর থানায় রুবেল, সুজনসহ অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা (নম্বর-১৫) করেন।
পুলিশ অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করে। পরে তাঁরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই স্বীকারোক্তিতে সবুজকে জবাই করে হত্যার কথা স্বীকার করেন আসামিরা। পুলিশ আসামিদের কাছ থেকে ছিনতাই করা মোটরসাইকেল ও মুঠোফোনের সেটটিও উদ্ধার করে মামলার প্রমাণ হিসেবে আদালতে জমা দেয়। মামলাটি পরে সেশন ৬২/১২ নম্বর মামলায় নথিভুক্ত হয়ে বিচারকাজ শুরু হয়। রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।
রায় প্রসঙ্গে মনিরুল ইসলাম ও সেন্টু মোল্লা বলেন, আসামিদের বিরুদ্ধে দেওয়া রায়ে তাঁরা সন্তুষ্ট। তাঁরা রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।