কুষ্টিয়ায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় সাহাজাদি ফারজানা ওরফে ববি হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান গতকাল সোমবার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি হলো মজিবর রহমান (৩২)। সে কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় মজিবর আদালতে উপস্থিত ছিল।
মজিবরকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। মামলার বাকি চার আসামি সারমীন আক্তার, হেলাল উদ্দীন, রহুল আমিন ও আতাইকে বেকসুর খালাস দেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, মজিবর র্দীঘদিন ধরে সাহাজাদিকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। পরে মুচলেকা দিয়ে সে ছাড়া পায়। এ ঘটনায় মজিবর ক্ষুব্ধ হয়। শহরের কাটায়খানা মোড় এলাকার নিজ বাড়ির নিচতলায় সাহাজাদির একটি বিউটি পারলার ছিল। মজিবর ২০১৩ সালের ২৭ মার্চ সন্ধ্যায় তাঁর স্ত্রী সারমীন আক্তার ও অজ্ঞাত কয়েকজনকে নিয়ে সেখানে গিয়ে গুলি করে সাহাজাদিকে খুন করে। এ ঘটনায় সাহাজাদির স্বামী মোল্লা আবু সামস বাদী হয়ে মজিবর, তার স্ত্রী ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল দুপুর ১২টায় এ মামলার রায় দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী।
মামলার বাদী মোল্লা আবু সামস বলেন, ‘আমরা সুবিচার পেয়েছি। মজিবরের রায় যেন কার্যকর হয়, সেটাই, এখন প্রত্যাশা।’