কুষ্টিয়ায় হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় এক ব্যক্তিকে হত্যা করার দায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান গতকাল মঙ্গলবার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মিরপুর উপজেলার একতারপুর গ্রামের আবদুল হান্নান (৪০), বিভাগ গ্রামের লিটন ফকির (২৬), রাইদুল ইসলাম (৩২) ও তাঁতীবন্ধ গ্রামের সুজাত আলী (২৩)। রায় ঘোষণার সময় চারজনই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ২৯ ডিসেম্বর রাতে মিরপুর উপজেলার তাঁতীবন্ধ গ্রামের আবুল কালাম ওরফে কলম মণ্ডলকে (৪৫) তাঁর বাড়ি থেকে আসামিরা ডেকে নিয়ে যায়। পরদিন সকালে মিরপুর উপজেলার তাঁতীবন্ধ গ্রামের মাঠে তাঁর লাশ পাওয়া যায়। নিহত আবুল কালামের স্ত্রী শেফালি খাতুন বাদী হয়ে ওই দিনই মিরপুর থানায় হত্যা মামলা করেন।