কুষ্টিয়ায় হত্যার দায়ে তরুণের যাবজ্জীবন
কুষ্টিয়া সদর উপজেলায় আলতাফ হোসেন নামের এক পান ব্যবসায়ীকে হত্যার দায়ে এক তরুণের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাকচুয়া গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে রাজু (২২)। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে রাজুকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৯ এপ্রিল বাকচুয়া গ্রামের বাসিন্দা আলতাফ কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজারে পান বেচাকেনা করতে আসেন। সকাল নয়টার দিকে রাজু ছোরা দিয়ে তাঁর পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আলতাফের মৃত্যু হয়। স্থানীয় লোকজন রাজুকে আটক করে পুলিশে দেন। নিহত আলতাফ হোসেনের স্ত্রী শেফালি খাতুন পরের দিন রাজুকে একমাত্র আসামি করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হত্যা মামলা করেন।