কুষ্টিয়ায় হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
কুষ্টিয়ায় কারখানা থেকে ডেকে নিয়ে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মইনুল হক (২৮)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৪ জানুয়ারি বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল টাকিমারা গ্রামের আবের আলীর ছেলে ও এমআরএস ইন্ডাস্ট্রিজের সুপারভাইজার রফিকুল ইসলাম (৩০) কারখানায় কাজে যান। কর্মরত অবস্থায় রাত আটটার দিকে খাওয়ার জন্য বাইরে বের হলে কয়েকজন তাঁকে ডেকে নিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরের দিন সকালে উপজেলার স্বস্তিপুর গ্রামে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশ থেকে রফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে রফিকুলের বাবা আবের আলী কুষ্টিয়া সদর থানায় ওই দিনই হত্যা মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শুরু করে মইনুল হককে আটক করে। তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী।