কুষ্টিয়ায় হানিফের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সদর উপজেলার হরিপুর ইউনিয়নের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাহবুব উল আলমের পক্ষে প্রচারণা চালানোর জন্য ১৪ দলের শরিক জাসদের নেতা-কর্মীরা হরিপুর ইউনিয়নের দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের সামনে একটি ক্যাম্প স্থাপন করেন। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা ক্যাম্পের পেছন ও সামনের ব্যানারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় এলাকার নৈশপ্রহরীরা সেখানে এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা খোদেজা খাতুন জানান, আগুনে ব্যানারের কিছু অংশ পুড়ে গেছে। এ ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সদর থানার ওসি বেলায়েত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জাসদের কুষ্টিয়া শাখার সভাপতি গোলাম মহসিন বলেন, স্থানীয় জাসদ নেতা-কর্মীদের মাঝে নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে হালকা বিরোধ ছিল। নিজেদের ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।