কুষ্টিয়ায় হানিফের বিরুদ্ধে বিএনএফ প্রার্থীর অভিযোগ
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী রকিব উর রহমান খান আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে তাঁর কর্মী-সমর্থকদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। গতকাল শুক্রবার কুষ্টিয়া শহরের মিলপাড়ায় বিএনএফের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
গতকাল ওই সংবাদ সম্মেলনে রকিব উর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী ও ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তাঁর পেটোয়া বাহিনী দিয়ে বিএনএফ কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছেন ও মারধর করছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য কোটি কোটি টাকা দিয়ে আমাকে কেনার অফার এসেছিল। সেই অফার আমি ফিরিয়ে দিয়েছি।’
রকিব উর রহমান জানান, কয়েক দিন আগে শহরের পিটিআই সড়কে অবস্থিত হানিফের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মনিরুল নামে তাঁর এক কর্মীকে মারধর করা হয়। থানাপাড়া চরে মারধর করা হয় আরেকজনকে। হানিফের চারপাশে সন্ত্রাসী পেটোয়া বাহিনী থাকে। এসব সন্ত্রাসীকে শহরের লোক চেনে। ভোটকেন্দ্রে তাঁর পোলিং এজেন্টরা যাতে না থাকেন, সে জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ব্যাপারে মাহবুব উল আলমের মুঠোফোনে ফোন দিলে তিনি পরে কথা বলবেন বলে লাইনটি কেটে দেন।