কুষ্টিয়ায় হামলায় আহত মাদক ব্যবসায়ীর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাবুল হোসেন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গত সোমবার রাতে উপজেলার মহিষকুণ্ডি ডাকপাড়া গ্রামের অপর এক মাদক ব্যবসায়ী দলের সঙ্গে বিরোধের জের ধরে হামলায় তিনি আহত হন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মহিষকুণ্ডি গ্রামের আবদুল হান্নানের ছেলে বাবুল হোসেন সোমবার রাতে আল্লারদর্গা জয়ভোগা গ্রামের রুস্তম আলীর ছেলে মিজানুর রহমানের কাছে ফেনসিডিলের চালান সরবরাহ করতে যান। এ সময় পরিকল্পিতভাবে মিজানের নেতৃত্বে আরও চার-পাঁচজন বাবুলের ওপর হামলা চালিয়ে তাঁকে বেধড়ক মারপিট করে এবং তাঁর কাছে থাকা প্রায় ১৫০ বোতল ফেনসিডিল ছিনিয়ে নেয়। এলাকাবাসী গুরুতর আহত বাবুলকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে বাবুল মারা যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত বাবুলের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’