কুষ্টিয়ায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় ১০ লাখ টাকা ছিনতাই মামলার প্রধান আসামি আলীরাজসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার আল্লারদরগা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১ জুন বেলা ১১টায় দৌলতপুর উপজেলার আল্লারদরগা বাজারে কয়েক ব্যক্তি বাসের ভেতরে কুষ্টিয়ার গ্রামীণফোন ডিস্ট্রিবিউশন হাউসের কর্মকর্তা মতিউর রহমানকে ছুরিকাঘাত করে ৯ লাখ ৩৭ হাজার ছিনিয়ে নেন। ওই বাসের মধ্যে ডিস্ট্রিবিউশন ব্যবস্থাপক মাহবুবুর রহমানও ছিলেন। তিনি কয়েকজনকে চিনতে পারেন। ওই দিন দৌলতপুর থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন মাহবুবুর। পুলিশ ওই দিনই অভিযান চালিয়ে হাসান উল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। আদালতে জবানবন্দিতে হাসান বলেন, আল্লারদরগা এলাকার সন্ত্রাসী আলীরাজের নেতৃত্বে কয়েকজন এই ছিনতাই করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে আল্লারদরগা বাজার এলাকায় নিজ বাড়ি থেকে আলীরাজকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাজার থেকে তাঁর সহযোগী চামনাই গ্রামের ইদ্রিস আলীকেও (৩৭) গ্রেপ্তার করা হয়।

ওসি শাহ দারা খান আরও বলেন, আসামিদের গতকাল দুপুরে আদালতে নেওয়া হয়েছে। ঘটনার দিনই প্রায় সব টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধার ও আসামিদের ধরতে অভিযান চলছে। আলীরাজসহ দুজনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

গ্রামীণফোনের কুষ্টিয়া অঞ্চলের ডিস্ট্রিবিউশন হাউস সুরেকা এন্টারপ্রাইজের কর্ণধার অজয় সুরেকা বলেন, ঘটনার পর থেকে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এখন পর্যন্ত ৮ লাখ ১৭ হাজার ১৫০ টাকা উদ্ধার হয়েছে।