কুষ্টিয়ায় ১৫ দিনে দেড় হাজার ঘরবাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার পানিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চারটি ইউনিয়নের চরগুলো তলিয়ে যাচ্ছে। গত ১৫ দিনে তীব্র স্রোত ও ভাঙনে প্রায় দেড় হাজার ঘরবাড়ি বিলীন হয়ে গেছে।দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল জানান, ফিলিপনগর ইউনিয়নে গত ১৫ দিনে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় এক হাজার বাড়ি বিলীন হয়ে গেছে। চার ইউনিয়নে প্রায় দেড় হাজার ঘরবাড়ি বিলীন হয়েছে। উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারি, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৫০টি বাড়ি, চিলমারিতে ২৫০টি, মরিচায় ২৫০টি ও ফিলিপনগর ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় এক হাজার বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু বলেন, ইউনিয়নের গোলাবাড়ী প্রাথমিক বিদ্যালয়, গোলাবাড়ী মাদ্রাসা, গোলাবাড়ী ক্লাব ও ফিলিপনগর জামে মসজিদসহ এক হাজার ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ ভবন, ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়, বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ১০০টি বাড়ি। এখন পর্যন্ত এ ইউনিয়নে কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি। পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ভেড়ামারার হার্ডিঞ্জ সেতু পয়েন্টে গতকাল রোববার পানি বিপৎসীমার প্রায় এক মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।