কুষ্টিয়ায় ২০০ বাড়ি বিধ্বস্ত, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর ও মিরপুর উপজেলার তিনটি গ্রামে গত সোমবার রাতে টর্নেডোর আঘাতে প্রায় ২০০ বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সাহাজুল ইসলাম (২১) নামে এক তরুণ মারা গেছেন ও ৫০ জন আহত হয়েছেন। সাহাজুল দৌলতপুরের তালবাড়িয়া গ্রামের মোস্তাক আলীর ছেলে।স্থানীয় লোকজন ও প্রশাসন সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে দৌলতপুরের আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া ও কালীদাশপুর এবং মিরপুরের চিথলিয়া গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। দুই মিনিট স্থায়ী টর্নেডোতে তিনটি গ্রামের ২০০ পাকাঘর বিধ্বস্ত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে কুষ্টিয়া সদর হাসপাতাল, ১০ জনকে দৌলতপুর এবং আটজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সাহাজুল ইসলাম টর্নোডের আঘাতে মারা যান। সাহাজুলের মা আত্তামুন বেগম জানান, তাঁর ছেলে পাশের বাড়িতে টেলিভিশন দেখতে গিয়েছিলেন। ঝড় ওঠার পর বাড়িতে আসার সময় ঘূর্ণি-বাতাস তাঁকে রাস্তা থেকে উড়িয়ে নিয়ে ৫০ হাত দূরে ফেলে দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।সরেজমিনে দেখা গেছে, তালবাড়িয়া গ্রামের মোল্লাপাড়ায় শতাধিক পাকা বাড়ির টিন উড়ে গিয়ে মাঠে পড়েছে। দেয়ালগুলো ধসে পড়ে মাটির সঙ্গে মিশে গেছে। বিদ্যুতের খুঁটি, ট্রান্সফরমার, শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালীদাশপুর পুলিশ ক্যাম্প ও স্থানীয় দুটি বিদ্যালয়ের টিনের চাল উড়ে গেছে।তালবাড়িয়া গ্রামের নূর মোহামঞ্চদ বলেন, ‘ট্রেনের মতো শব্দ করে এসে সব উড়িয়ে নিয়ে গেছে। আমার পরিবারের ১৩ জন সদস্যের মধ্যে ১২ জনই টর্নেডোর আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।’ সিভিল সার্জন তরুণ কান্তি হালদার বলেন, আহত ব্যক্তিদের সেবা দেওয়ার জন্য কালীদাশপুর কমিউনিটি ক্লিনিকে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল কাজ করছে। মারাত্মক আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, দুই উপজেলায় প্রায় ৩১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা, দুই বান্ডেল ঢেউটিন ও ৩০ কেজি চাল দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকা ও দুই বান্ডেল টিন দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনে তালিকা তৈরির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে।