কুষ্টিয়ায় ৩ সম্পাদকসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া থেকে প্রকাশিত তিনটি দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ ছয়জন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানিকহার রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি রেকর্ড হয়েছে। আসামিরা হলেন: আরশীনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাশেদুল ইসলাম বিপ্লব, আজকের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজী মাহবুব রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা ও নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসেন এবং জয়যাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আল সামুন সাগর ও ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রিজু।মামলায় বলা হয়, ওই তিন পত্রিকায় বাদীর বিরুদ্ধে আসামিরা যোগসাজশ করে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশ করেছেন। এ ব্যাপারে আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কিছু দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান এক ছাত্রীর যৌন হয়রানির অভিযোগে একজন শিক্ষককে এক বছরের কারাদণ্ড দেন। ওই সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আইনের অপব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি মামলা করে থাকতে পারেন।