কুষ্টিয়ায় ৫০ বিঘা পানের বরজ ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ২৬টি ঘর ও ৫০ বিঘা পানের বরজ পুড়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে বেলা দুইটার দিকে কৃষক আবদুস ছান্নানের রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাতাসের বেগ থাকায় আগুন দ্রুত প্রতিবেশীদের ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে ২৬টি ঘর পুড়ে যায় এবং দুটি গরু ও আটটি ছাগলের মৃত্যু হয়।মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান জানান, ভেড়ামারা উপজেলার পাটুয়াকান্দি গ্রামের মাঠে কর্মরত শ্রমিকের বিড়ির আগুন থেকে পানের বরজে আগুন লেগে যায়। বরজে পাটকাঠি বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নুর হোসেন আহমেদ বলেন, ভেড়ামারায় প্রাথমিকভাবে ৫০ বিঘার পানের বরজ পুড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, দৌলতপুরে ২৬টি ঘর একেবারে ছাই হয়ে গেছে। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। বাতাসের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে প্রতিটি পরিবারকে এক বান্ডিল টিন, পাঁচ হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হবে।