কুষ্টিয়ায় 'অলস' বিএনএফ কর্মীরা!
কম ভোটার উপস্থিতি, কিছু কিছু কেন্দ্রে ভোট জালিয়াতি, ব্যালট ছিনতাই, কয়েকটি ভোটকেন্দ্রে হামলার ভেতর দিয়ে শেষ হয় কুষ্টিয়ার তিনটি আসনে ভোট গ্রহণ। কুষ্টিয়া-১ আসনের (দৌলতপুর) দুটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে কুষ্টিয়া-২ বাদে বাকি তিনটিতে ভোট গ্রহণ হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে সার ধরে ভোট দেওয়ার দৃশ্য চোখে পড়েনি।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে সকালে ভোটার উপস্থিতি ছিল একেবারে কম। শহরের কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে সকাল নয়টা ৫০ মিনিটে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তাঁর ভোট দেন। সে সময় এই কেন্দ্রে মাত্র ২৫টি ভোট পড়েছিল। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনএফ প্রার্থী রকিব উর রহমান খান চৌধুরী। হানিফ যে কেন্দ্রে ভোট দেন সেই কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত বিএনএফের কোনো পোলিং এজেন্টকে দেখা যায়নি।
এ বিষয়ে রকিব উর রহমান বলেন, ‘শীতের সকাল। কর্মীরাও অলস। তাই কেন্দ্রে যেতে দেরি হচ্ছে।’ ওই কেন্দ্রে পরে বিএনএফের দুজন এজেন্ট যান। তবে সদরের ১০টি কেন্দ্রের মধ্যে সাতটিতেই তাঁর কোনো এজেন্ট পাওয়া যায়নি।
সদরের অন্তত চারটি কেন্দ্রে জালিয়াতি করে ভোট দেওয়ার অভিযোগ করেছেন বিএনএফ প্রার্থী। সেগুলো হলো শহরের মিশন প্রাথমিক বিদ্যালয়, ১৮ নম্বর পৌর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ছাড়া সদরের মাদপুর প্রাথমিক বিদ্যালয়, উজানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই ভোটার একাধিক ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দুপুর দুইটার দিকে পূর্ব তারাগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার গলায় অস্ত্র ঠেকিয়ে বর্তমান সাংসদ আফাজ উদ্দীনের ছেলে আরিফ বিশ্বাস তাঁর লোকজন দুই হাজার ৫০০ ব্যালট পেপার ছিনতাই করে বলে অভিযোগ ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। আরিফ বিশ্বাস এই অভিযোগ অস্বীকার করেন এবং সহিংসতার দায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর চাপান।
একই আসনের আল্লার দরগা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা কুদরত-ই-খুদাকে মারধর করে ৬০০ ব্যালট পেপার ছিনিয়ে নেন সংসদ সদস্য প্রার্থী রেজাউল হক চৌধুরীর ছোট ভাই টোকন চৌধুরী। এসব ঘটনায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের কয়া রায়ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।