কুষ্টিয়ায় ‘চরমপন্থী’র লাশ উদ্ধার মেহেরপুরে বন্দুকযুদ্ধ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাজনগর গ্রামের সাইফুন ব্রিজের কাছ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ওয়াহেদ জোয়ার্দার (৩৭) নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র ও একটি গুলি উদ্ধার করেছে।নিহত ওয়াহেদ চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য বলে মিরপুর থানা পুলিশের দাবি।এদিকে গত বুধবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের পশ্চিমপাড়ায় পুলিশের সঙ্গে চরমপন্থীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।মিরপুর থানার পুলিশ এলাকাবাসীর বরাত দিয়ে জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে মিরপুরের চর নওদাপাড়া এলাকায় বাড়ির সামনে টেলিভিশন দেখার সময় মুঠোফোনে কল করে কে বা কারা ওয়াহেদকে ডেকে নিয়ে যায়। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে এলাকাবাসী সাইফুন ব্রিজের কাছ ওয়াহেদের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ওয়াহেদের বিরুদ্ধে মিরপুর ও পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী উপজেলায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে। এদিকে মেহেরপুর সদর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শেখ জিহাদ হোসেন জানান, বুধবার রাত দুইটার দিকে বলিয়ারপুর গ্রামের পশ্চিমপাড়ায় ১৫-২০ জন চরমপন্থী অস্ত্র নিয়ে গোপন বৈঠক করছে—এমন খবর পেয়ে বলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালান। টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে চারটি বোমা ও ১০টির মতো গুলি ছোড়ে। পুলিশও পাল্টা সাতটি গুলি চালায়। একপর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।