ছাত্রলীগ নেতা বহিষ্কৃত: কাজে যোগ দিয়েছে ইন্টার্ন চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ঢুকে কর্মরত নারী চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত এবং চিকিৎসকদের কক্ষ ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ নেতা শাহজামান বিন শহীদ ওরফে অন্তরকে বহিষ্কার করা হয়। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গতকাল বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এ বহিষ্কারাদেশ দেয় বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ।

এদিকে লাঞ্ছিত ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শেষে কাজে যোগ দিয়েছেন। গতকাল বিকেল থেকে তাঁরা কর্মবিরতি পালন করছিলেন। এই মেডিকেল কলেজ নির্মাণাধীন থাকায় এর শিক্ষার্থীরা জেনারেল হাসপাতালে ইন্টার্ন করেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি নূরুন্নবী হোসেন জানিয়েছিলেন, বেশ কয়েকটি দাবি নিয়ে সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে বৈঠক আছে। বৈঠকে হাসপাতালে দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হবে। দাবি না মানলে কর্মবিরতি অব্যাহত থাকবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হাসানুজ্জামান বেলা পৌনে একটার দিকে প্রথম আলোকে জানান, ২০-২৫ জন ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে পুলিশ সুপার এস এম মেহিদী হাসান উপস্থিত ছিলেন। তিনি (মেহিদী) জানান, এরই মধ্যে দোষীদের মধ্যে দুজনকে ধরা হয়েছে। মূল অপরাধীকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করবে। পুলিশ সুপার জানিয়েছে, হাসপাতালের নিরাপত্তায় চারজন পুলিশ সদস্য উপস্থিত ছিল। এখন আরও চারজন দেওয়া হবে।

এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকেরা দুপুর সাড়ে ১২টার দিকে কাজে যোগ দেন।

গতকাল এক রোগীর মৃত্যুর পর কয়েকজন স্বজন অভিযোগ করেন, তাঁরা অক্সিজেন চেয়েও পাননি। এ জন্য তাঁদের রোগীর মৃত্যু হয়েছে। এ অভিযোগে রোগীর স্বজনেরা হাসপাতালের চিকিৎসকদের ওপর চড়াও হন। হাসপাতালের নিচতলায় ইন্টার্ন চিকিৎসক ইশরাত হুমায়রাকে গালিগালাজ ও আপত্তিকর কথা বলেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁর হাত মুচড়ে ধরেন এবং পরে তাঁরা কক্ষের জানালা ভাঙচুর করেন। খবর পেয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্য রাশেদুল ইসলাম ছুটে এলেও তাঁর ওপরও চড়াও হন এক যুবক। এমনকি তাঁর চাকরি খেয়ে নেওয়ারও হুমকি দেন।