কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে গণবাহিনীর শীর্ষস্থানীয় নেতা নিহত
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের খোর্দবাখল গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় র্যাব ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশরাফুল ইসলাম ওরফে মান্দার (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, মান্দার চরমপন্থী গণবাহিনীর শীর্ষস্থানীয় নেতা। তাঁর বাড়ি খোর্দবাখল গ্রামে। এ সময় ঘটনাস্থল থেকে একটি রাইফেল, একটি এলজি ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার শাহাবুদ্দিন খান প্রথম আলোকে জানান, গণবাহিনীর শীর্ষস্থানীয় নেতা মান্দার চরমপন্থীদের নিয়ে খোর্দবাখল গ্রামের একটি মাঠে বসে বৈঠক করছেন—এ খবর পেয়ে র্যাব কুষ্টিয়া ও জেলা পুলিশ যৌথভাবে সন্ধ্যা সাতটার দিকে ওই স্থান ঘিরে ফেলে। এ সময় চরমপন্থী সন্ত্রাসীরা র্যাব ও পুলিশের ওপর গুলি চালায়। জবাবে র্যাব-পুলিশও গুলি চালালে উভয় পক্ষের মধ্যে ২০ মিনিট ধরে বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে গোলাগুলি থামলে যৌথ বাহিনী মাঠে একজনের লাশ পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে লাশটি মান্দারের বলে শনাক্ত করে।সহকারী পুলিশ সুপার সি এ হালিম জানান, মান্দারের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ও সদর থানায় চারটি হত্যাসহ আটটি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।