কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত বুধবার দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মোশারফ হোসেন ওরফে মশা (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।র্যাবের ভাষ্যমতে, মোশারফ চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সক্রিয় সদস্য এবং বোমা তৈরির কারিগর। তাঁর বাড়ি দৌলতপুরের আংদিয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে এলাকায় ধর্ষণ, রাহাজানি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টার দিকে ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, সন্ত্রাসীরা আংদিয়া গ্রামের সাত্তারপাড়া মাঠে সশস্ত্র অবস্থায় বোমা তৈরি করছে। এর ভিত্তিতে রাত সোয়া একটার দিকে সেখানে অভিযান চালায় র্যাব। টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে প্রথমে একটি বোমা ছোড়ে। পরে কয়েকটি গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে টিকতে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গোলাগুলির শব্দ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। স্থানীয় জনতা ও র্যাব সদস্যরা মাঠে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। লাশটি মোশারফের বলে শনাক্ত করে এলাকাবাসী। র্যাব ঘটনাস্থল থেকে দুটি এলজি, পাঁচটি গুলি, চারটি বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও দুটি হাঁসুয়া উদ্ধার করে। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা স্থানীয় সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, চরমপন্থী মোশারফের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে। ৭ ডিসেম্বর আংদিয়া গ্রামের একই জায়গায় বোমা তৈরির সময় বিস্ফোরণে হাতে ও পায়ে আঘাত পেয়ে পালান তিনি। বন্দুকযুদ্ধে নিহত ও অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) কাজী গাউছুল হক থানায় মামলা করেছেন।