কুষ্টিয়ায় 'বিশ্ব বই দিবস' উপলক্ষে সেমিনার-বিতর্ক-নাটক
বিশ্ব বই দিবস উপলক্ষে আজ শনিবার কুষ্টিয়ার দৌলতপুরে পাঠাভ্যাসের গুরুত্ব বিষয়ক সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা ও নাটকসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার বেলা ১১ টার দিকে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে উপজেলার বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ে বই পড়া বিষয়ক ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের সাবেক পিপি আবদুল মান্নাফ।
বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের দৌলতপুর-ভেড়ামারা উপজেলার প্রোগ্রাম অফিসার মাহফুজ রিপন। বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলার প্রাথমিক রিসার্চ সেন্টারের সহকারী ইনস্ট্রাক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস। সেমিনারে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করতে নানা উপদেশ দেওয়া হয়।
সেমিনার শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি করে। এ ছাড়া দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার ১১৯টি প্রতিষ্ঠানে বিশ্ব বই দিবসে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।