কুষ্ঠ চিকিৎসার সুযোগ বেড়েছে, কমেনি বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্ঠ রোগের চিকিৎসা আছে। সময়মতো চিকিৎসা নেওয়া শুরু করলে আক্রান্ত ব্যক্তি বিকলাঙ্গ হওয়া থেকে রেহাই পেতে পারে। অথচ বদলাচ্ছে না কুষ্ঠ সম্পর্কে শত বছরের পুরোনো মানসিকতা। বাতিল হয়নি শত বছরের পুরোনো বৈষম্যমূলক ১৮৯৮ লেপার্স আইন (অ্যাক্ট)।বিশ্ব কুষ্ঠ দিবস আজ। সরকারি তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর গড়ে পাঁচ হাজার কুষ্ঠ রোগী শনাক্ত হয়। চিকিত্সা ও নিয়মিত ওষুধ নেওয়ার ফলে তারা সুস্থ হয়ে ওঠে। সমাজের অন্যান্য মানুষ তাদের সহজভাবে গ্রহণ করে না, এমনকি স্পর্শও করে না। নিজের পরিবার থেকেই তারা বঞ্চনার শিকার হয়। কুষ্ঠ রোগ থেকে সেরে ওঠা একাধিক ব্যক্তি প্রথম আলোকে জানান, কাজ করার ক্ষমতা থাকলেও তাঁরা কাজ পাচ্ছেন না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় তাঁরা বঞ্চনার শিকার হচ্ছেন। জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচির তথ্যে জানা গেছে, দেশে ১৯৯৩ থেকে ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত নতুন এক লাখ ৫২ হাজার ৯২২ জন কুষ্ঠ রোগী শনাক্ত হয়েছে। ওই সময়ের মধ্যে মাল্টি-ড্রাগ থেরাপি নামক কার্যকর ওষুধের মাধ্যমে এক লাখ ৪৭ হাজার ৭২ জন সুস্থ হয়েছেন।বদলায়নি বৈষম্য: কুষ্ঠ রোগ থেকে সুস্থ হওয়া নুরুন নাহার প্রথম আলোকে বলেন, ‘ওষুধ খেয়ে এখন আমি সুস্থ। কিন্তু আমার আশপাশের মানুষেরা তা বোঝে না। সবাই দূরে দূরে রাখে। আমার পরিবার আমার সঙ্গে ভালো ব্যবহার করে না।’ রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের নুরুল ইসলামকে (৫০) তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে ঘরে ঢুকতে দেয় না। দুই বছর আগে বিনা মূল্যে পাওয়া চিকিত্সাসেবায় তিনি সুস্থ হয়েছেন। তবে কুষ্ঠরোগের কারণে প্রতিবন্ধী হয়ে গেছেন তিনি। নিজ পরিবারের কারণে রাস্তায় দিনরাত কাটাতে হচ্ছে তাঁকে। সচেতনতা প্রয়োজন: বিশেষজ্ঞরা বলছেন, কুষ্ঠ রোগ বংশগত নয়। রোগের ৮৫ শতাংশেরও বেশি উদাহরণ অসংক্রামক। কুষ্ঠ হলে শরীরে সবচেয়ে ঠান্ডা জায়গার প্রান্তিক স্নায়ু নষ্ট হয়। ফলে ঘা, অঙ্গহানি ও অন্যান্য জটিলতা তৈরি হয়।জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে অনুভূতিহীন হালকা ফ্যাকাসে অথবা লালচে দাগ, চামড়ায় গুটি বা দানা ও কানের লতি মোটা হওয়া। এ সময় যদি সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তি চিকিত্সকের পরামর্শ নেন, তবে দ্রুত সুস্থ হওয়া সম্ভব। আইনটি বাতিল হওয়া প্রয়োজন: ব্রিটিশ আমলে কুষ্ঠ রোগের কোনো চিকিত্সা ছিল না। এ কারণে কুষ্ঠ রোগীদের আলাদা করে রাখা হতো। সে জন্যই করা হয় লেপার্স অ্যাক্ট ১৮৯৮। এই আইনের মাধ্যমে পুলিশ কুষ্ঠরোগীদের গ্রেপ্তার করতে পারতো। এ ছাড়া বিভিন্ন মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত হতো। বিশেষজ্ঞরা অবিলম্বে আইনটি বাতিল করার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে লেপ্রসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অ্যাডভোকেসি ও প্রমোশন বিভাগের পরিচালক মার্টিন অধিকারী প্রথম আলোকে জানান, মানবাধিকার রক্ষার জন্যই অবিলম্বে এই আইন বাতিল হওয়া প্রয়োজন।