বিশ্ব স্বাস্থ্য সংস্থার কুষ্ঠরোগ নির্মূল কর্মসূচির শুভেচ্ছা দূত ইয়োহি সাসাকাওয়া বলেছেন, কুষ্ঠ নির্মূল করতে চিকিৎসার নিশ্চয়তার পাশাপাশি বৈষম্যও দূর করা জরুরি। বৈষম্য দূর করার ক্ষেত্রে রাষ্ট্র ও গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। গতকাল শুক্রবার বেসরকারি প্রতিষ্ঠান সালভেশন আর্মির মিরপুরের কুষ্ঠ ক্লিনিক পরিদর্শনের সময় ইয়োহি সাসাকাওয়া এ কথা বলেন। তিনি ১১ এপ্রিল পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। ইয়োহি সাসাকাওয়া বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অনেক উন্নতি হওয়ার পরও পল্লি এলাকার মানুষ কুষ্ঠ সম্পর্কে সঠিক তথ্য পাচ্ছে না। তিনি বলেন, ‘কুষ্ঠরোগ চিকিৎসায় ভালো হয়, এর ওষুধ বিনা মূল্যে পাওয়া যায়—এ কথা সবাইকে বলতে হবে।’জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহি সাসাকাওয়া ৫৪ বছর ধরে কুষ্ঠ নিরাময়ে কাজ করছেন। তিনি ২০০১ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কুষ্ঠরোগ নির্মূল কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। নিপ্পন ফাউন্ডেশন সারা বিশ্বে বিনা মূল্যে কুষ্ঠরোগের ওষুধ সরবরাহ করে।নিপ্পন ফাউন্ডেশন সমুদ্রসম্পদ নিয়েও কাজ করে। বাংলাদেশের সাম্প্রতিক সমুদ্রসীমাবিষয়ক আন্তর্জাতিক মামলায় বিজয় সম্পর্কে এক প্রশ্নের উত্তরে সাসাকাওয়া বলেন, সমুদ্র বিপন্ন হলে মানুষের জীবন বিপন্ন হয়। সমুদ্রসম্পদ রক্ষার জন্য সেনাশক্তি বাড়ানোর চেয়ে দক্ষ জনবল বাড়ানো জরুরি। বাংলাদেশের সমুদ্রসীমায় মৎস্যসম্পদ রক্ষা ও জেলেদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রশিক্ষণ দরকার। মানবসম্পদ তৈরির ক্ষেত্রে তাঁর প্রতিষ্ঠান কাজ করে। নিজের কাজের মূল্যায়ন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই শুভেচ্ছা দূত বলেন, চিকিৎসায় কুষ্ঠরোগী ভালো হলেই সমাজে সে মিশতে পারবে—এটা ভাবা তার জন্য ভুল ছিল। মোটরসাইকেলের সামনের চাকাকে চিকিৎসার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘কুষ্ঠরোগীর প্রতি যে বৈষম্য তা সামাজিক সমস্যা, এটি পেছনের চাকা। কুষ্ঠ নির্মূল করতে হলে বৈষম্যও দূর করতে হবে।’অনুষ্ঠানে সালভেশন আর্মির কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।