কুষ্ঠ নির্মূলে পিছিয়ে বৃহত্তরচট্টগ্রাম
কুষ্ঠ রোগ নির্মূলে বাংলাদেশ সাফল্য দেখালেও বৃহত্তর চট্টগ্রামসহ কয়েকটি জেলায় রোগটির প্রাদুর্ভাব রয়ে গেছে। চট্টগ্রাম নগর ও তিন পার্বত্য জেলাকে কুষ্ঠ রোগের এনডেমিক (কোনো আঞ্চলিক বা পেশার সঙ্গে যুক্ত রোগবিশেষ) এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সাম্প্রতিক এক গবেষণায় চট্টগ্রামে কুষ্ঠ রোগ প্রতি ১০ হাজারে ১ দশমিক ৪৫ জন দেখা গেছে। আক্রান্ত রোগীদের মধ্যে দৃশ্যমান বিকলাঙ্গের হার ১৭ শতাংশ এবং অতি সংবেদনশীলতা ৪৬ শতাংশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল মওলা পাঁচ বছর ধরে হাসপাতালের রোগীদের ওপর এ গবেষণা করেন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০০ সালের মধ্যে কুষ্ঠ রোগের প্রাদুর্ভাব জাতীয়ভাবে ১০ হাজার লোকের মধ্যে এক জনের নিচে নামিয়ে আনতে বলেছিল। বাংলাদেশ ১৯৯৮ সালেই এই লক্ষ্য অর্জন করে।
কিন্তু সারা দেশে কুষ্ঠ রোগী কম থাকলেও চট্টগ্রামসহ কয়েকটি জেলায় কুষ্ঠ নির্মূল করা যায়নি। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী উচ্ছেদের পর কুষ্ঠ নির্মূলের জন্য এখন বাংলাদেশ কাজ করছে।
গবেষণায় দেখা গেছে, চট্টগ্রামে কুষ্ঠ রোগের প্রাদুর্ভাব প্রতি ১০ হাজারে ১ দশমিক ৪৫। যেখানে জাতীয় পর্যায়ে প্রতি ১০ হাজার লোকের মধ্যে কুষ্ঠ রোগীর সংখ্যা দশমিক ২৪ জন। দক্ষিণ এশিয়ায় তা দশমিক ৬৪ জন।
রফিকুল মওলা গবেষণা সম্পর্কে বলেন, কুষ্ঠ রোগকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাল্টিড্রাগ থেরাপি চালু করেছে। এতে জীবাণুঘটিত রোগটি রোগ ছড়ানো বন্ধ হয়। কিন্তু চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে এখনো আশঙ্কাজনক হারে রোগটির প্রাদুর্ভাব রয়েছে। গবেষণায় এটা দেখা গেছে। চট্টগ্রাম এই রোগের একটি এনডেমিক এলাকা হিসেবে চিহ্নিত রয়েছে।
গবেষণায় দেখা গেছে, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত পাঁচ বছরে মোট ৪০৭ জন কুষ্ঠ রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ২৯৬ জন পুরুষ। আক্রান্ত রোগীর ৩০ শতাংশ নগরকেন্দ্রিক। শহরের বস্তি এবং নিম্ন আয়ের লোকজনের মধ্যে আক্রান্তের হার বেশি বলে গবেষণায় দেখা গেছে। ১৫ থেকে ২৫ বছরের রোগী সবচেয়ে বেশি ১৪১ জন পাওয়া যায়।
গবেষণাসূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা ছাড়া যেসব এলাকা থেকে রোগটি উচ্ছেদ করা যায়নি সেগুলো হলো নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, জয়পুরহাট ও রংপুর। গবেষণায় কুষ্ঠ নির্মূলে মাল্টিড্রাগ থেরাপি নিশ্চিত করার পাশাপাশি আক্রান্ত রোগীদের আশপাশের এলাকায় জরিপ চালানোর পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া নতুন-পুরোনো রোগীদের সার্বক্ষণিক চিকিৎসায় রাখা, রোগীদের সামাজিক বৈষম্য থেকে মুক্ত করা এবং সচেতনতার পরামর্শ দেওয়া হয়।
রফিকুল মওলা বলেন, ‘কুষ্ঠ রোগীদের অধিকার নিশ্চিত করতে সরকার কুষ্ঠ রোগ আইন, ১৮৯৮-এর সংশোধনী এনেছে। এটা একটি ভালো উদ্যোগ। পাশাপাশি নির্মূলে এসব কার্যক্রম গ্রহণ করতে হবে।’
এই গবেষণা প্রবন্ধ পোল্যান্ডে ইউরোপিয়ান একাডেমি অব ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলাজির বৈজ্ঞানিক অধিবেশনে ২৪ মে উপস্থাপনের কথা রয়েছে। রফিকুল মওলা এই লক্ষ্যে এখন পোল্যান্ডে রয়েছেন।