কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে রুখে দাঁড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান সামাজিক কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামিকে দেশের উন্নয়নের প্রধান বাধা হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রপতি এনএসইউর নতুন গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, ‘সামাজিক কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তোমাদের লড়তে হবে এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ছাড়া অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন এনএসইউ ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিক। সমাবর্তন অনুষ্ঠানে এক হাজার ৬৪০ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলের জন্য তিনজন চ্যান্সেলর স্বর্ণপদক এবং অপর তিনজন ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক পান। দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীরা যাতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিতে পারেন, এর জন্য টিউশন ফি কমাতে রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান। জিল্লুর রহমান বলেন, শিক্ষার্থীরা যাতে বিজ্ঞানমনস্ক চিন্তা-চেতনায় বাস্তব ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারেন, এ লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, উচ্চশিক্ষা যেন শুধু শিক্ষা সনদভিত্তিক না হয়, এ বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর রাষ্ট্রপতি জিল্লুর রহমান উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ এবং গণমুখী শিক্ষা পাঠ্যক্রম (কারিকুলাম) প্রণয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নতুন উদ্ভাবন ও প্রযুক্তি নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও চিন্তা-চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণের কল্যাণে বাস্তবায়ন করতে হবে।রাষ্ট্রপতি পেশাগত জীবনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে নতুন গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান।রাষ্ট্রপতি এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশকে সুখী-সমৃদ্ধিশালী করে গড়ে তুলতে সরকারঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোরও আহ্বান জানান।