কুুমিল্লা-সিলেট মহাসড়কে নয় ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর এলাকায় একটি সেতুর ওপর পাথরভর্তি ট্রাক বিকল হলে গতকাল শুক্রবার নয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় সেতুর দুই দিকে সাত কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিলেট থেকে ছড়ে আসা কুমিল্লা অভিমুখী পাথরভর্তি একটি ট্রাক গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ওই সেতুর ওপরে উঠলে পাটাতন দবে যায়। এ সময় ট্রাকটি বিকল হয়ে গিয়ে সেখানে আটকে পড়ায় সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার পুলিশ ও মিরপুর হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা বিকেল চারটার দিকে ট্রাকটি সেতুর ওপর থেকে সরিয়ে নিতে সক্ষম হন। তবে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় তখনো যান চলাচল শুরু হয়নি। পরে সেতুটির মেরামতের কাজ শেষ হলে রাত আটটায় পুনরায় যান চলাচল শুরু হয়। পাশের মকিমপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, সেতুটির পাটাতন অনেক পুরোনো। এ কারণে মাসে অন্তত চার-পাঁচবার সেতুটির পাটাতন খুলে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাসের যাত্রী গোলাম আজম বলেন, দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। মিরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাথরভর্তি ট্রাকটি বিকেল চারটায় সরিয়ে নেওয়া হলেও ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করতে অনেক সময় লেগে যায়। তবে মেরামতকাজ শেষে রাত আটটায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।