কুৎসা রটিয়ে ছাত্রীকে বহিষ্কারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে কুৎসা রটিয়ে ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের চেয়ারম্যানের বিরুদ্ধে এই অভিযোগ তুলে পদত্যাগ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ।
জেলা শহরের মুন্সিপাড়া এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম ‘রিজ স্কুল’। বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীর বিরুদ্ধে সম্প্রতি ‘মাদকদ্রব্য সেবন’ ও ‘প্রেমঘটিত সম্পর্ক’ করার অভিযোগ তোলা হয়। পরে বিদ্যালয়ের অধ্যক্ষের নাম ভাঙিয়ে লিফলেটও প্রচার করা হয়। এর পরিপ্রেক্ষিতে সম্বিত সাহা নামের ওই অধ্যক্ষ গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন।
দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ বলেন, ২০১৪ সালে রিজ স্কুলের যাত্রা শুরু। একই বছরের অক্টোবরে তিনি এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। স্কুলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মো. অলিউর রহমান। তাঁর নির্দেশে গত ২৫ এপ্রিল ওই ছাত্রীর বিরুদ্ধে ‘প্রেমঘটিত সম্পর্ক, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ ও অন্য সহপাঠীদের তাতে উৎসাহিত করার অভিযোগ’ নোট আকারে লিপিবদ্ধ করা হয়। কিন্তু এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়নি। পাশাপাশি ওই ছাত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটিও তাঁর চোখে পড়েনি। অথচ ৩০ এপ্রিল চেয়ারম্যানের নির্দেশে ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়।
সম্বিত সাহা বলেন, পরে ওই শিক্ষার্থীর বাবা ও মা মেয়েকে নিয়ে স্কুলে এসে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। মেয়ের শিক্ষাজীবনের কথা চিন্তা করে তাঁরা শাস্তি মাফ করার আবেদন জানান। কিন্তু চেয়ারম্যান ওই দিন সিদ্ধান্ত দেননি। পরদিন সকালে মেয়েটিকে সঙ্গে নিয়ে তাঁর মা আবার স্কুলে আসেন। মা-মেয়ে দুজনেই চেয়ারম্যানের কাছে ক্ষমা চান। এরপর চেয়ারমানের নির্দেশে ওই শিক্ষার্থী দুই হাতে কান ধরে স্কুলের প্রতিটি শ্রেণি কক্ষ এবং শিক্ষকদের কক্ষে গিয়ে মাফ চায়। এরপরও চেয়ারম্যান তাকে পুনরায় ভর্তির অনুমতি দেননি।
অধ্যক্ষ বলেন, তা ছাড়া ১ জুন তাঁর নাম ও স্বাক্ষর ব্যবহার করে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীর বিরুদ্ধে কুৎসা রটিয়ে লিফলেট ছাড়ে। অধ্যক্ষ হিসেবে তাঁর কাছে এসব পদক্ষেপকে চরম অন্যায় ও অনৈতিক বলে মনে হয়েছে। এ কারণে তিনি ২ জুন অধ্যক্ষের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
ওই শিক্ষার্থীর মা প্রথম আলোকে বলেন, মিথ্যা ও কুৎসিত অভিযোগ এনে তাঁর শিশুকন্যাকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তিনি গত ২৫ মে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্কুলের চেয়ারম্যান অলিউর রহমানসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর আসামিরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দেন। ফলে তিনি ৩০ মে কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেন।
তবে রিজ স্কুলের চেয়ারম্যান অলিউর রহমান দাবি করেন, ওই ছাত্রীর বিরুদ্ধে লিফলেট প্রচারের তিনি জড়িত নন। মুঠোফোনে তিনি বলেন, একটি মহল তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ধ্বংস করতেই এ চক্রান্ত শুরু করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান বলেন, মামলা দুটো তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।