কুড়াতলী খালে সেতু নেই, দুর্ভোগে ২৫ হাজার মানুষ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা-সৈদামপুর সড়কে কুড়াতলী খালের ওপর সেতু না থাকায় দুই উপজেলার ১৫টি গ্রামের ২৫ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সেতু না থাকায় কেউ গাড়ি নিয়ে এলে তাকে ৩ কিলোমিটারের স্থলে প্রায় ১৫ কিলো–মিটার বেশি ঘুরে চলাচল করতে হয়।
এলাকার লোকজন বলেন, ওই স্থানটি সখীপুর উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সখীপুর ও বাসাইল উপজেলার সীমান্তবর্তী নিচু এলাকা। সখীপুরের হাতীবান্ধা, চাকদহ, টেকিপাড়া, কামালিয়াচালা, কুমারিয়াঝুড়ি, হিজলতলীপাড়া, ছিবলতলী, রতনপুর, মালতিপাড়া ও বালিয়াটা এবং বাসাইল উপজেলার কাঞ্চনপুর, সৈদামপুর, যৌতুকি, পৌলি ও সিঙ্গারডাক গ্রামের ২০-২৫ হাজার মানুষ ওই পথ দিয়ে চলাচল করে। তারা বর্ষায় ডিঙিতে এবং শুকনো মৌসুমে কখনো হাঁটুপানি ও কাদা মাড়িয়ে কখনো সাঁকোর ওপর দিয়ে খালটি পারাপার হয়। এ বছর সাঁকোও নেই। গত চার দশকে কয়েকজন রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় পথেই মৃত্যু হয়েছে। খাল পারি দিয়ে সখীপুরের মানুষ বাসাইল এবং বাসাইলের মানুষ সখীপুরে আসে।
এলাকার পল্লি চিকিৎসক বাসুদেব রায় বলেন, এ বছরের ফেব্রুয়ারিতে এলাকার একজন অন্তঃসত্ত্বা রাতে খাল পার হতে না পেরে পাড়েই সন্তান প্রসব করেন।
হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘সেতুটি খুবই দরকার। আমি বারবার সেতুটির জন্য সাবেক ও বর্তমান সাংসদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি। শুনেছি, শিগগিরই সেতুটি নির্মিত হবে।’
গত শনিবার কুড়াতলী খালের পাড়ে গিয়ে দেখা যায়, ৬২ মিটার লম্বা ওই খালটিতে সেতু না থাকায় বাইসাইকেল, মোটরসাইকেল ও ভ্যান-রিকশাসহ কোনো যানবাহনই পারাপার হতে পারছে না।
হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রণজিৎ কুমার সরকার বলেন, ডিঙি ও সাঁকো দিয়ে পারাপারের সময় মাঝেমধ্যেই বৃদ্ধ ও শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
চাকদহ গ্রামের কৃষক অখিল চন্দ্র সরকার বলেন, ‘খালটি এলাকার বাসিন্দাদের দুঃখে পরিণত হয়েছে। সারা বছর খাটাখাটি করে ফসল ফলানোর পর বাজারে নিয়ে ন্যায্যমূল্যে বেচাকেনা করতে পারি না।’
মালতিপাড়া গ্রামের ব্যবসায়ী রণজিৎ সরকার বলেন, ‘হিন্দু-অধ্যুষিত হওয়ায় কেউই এ এলাকার দিকে সুনজর দিচ্ছেন না। আমরা সাবেক ছিটমহল এলাকার মানুষের চেয়েও অবহেলিত।’