কুড়ি বছর পূর্তি উদ্যাপন করল বুয়েট ডিবেটিং ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (বুয়েট ডিসি)। গতকাল শুক্রবার সংগঠনটি কুড়ি বছর পূর্তি উদ্যাপন করেছে। প্রত্যয় ব্যক্ত করেছে বিতর্কের মধ্য দিয়ে যুক্তিনির্ভর প্রকৌশলী গড়ার।বুয়েটের পুরকৌশল ভবনের সম্মেলনকক্ষে ‘প্রথম আলো-বুয়েট ডিসি ২০ বছর পূর্তি উদ্যাপন’ অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা হয় সংগঠনটির ২০ বছরের পথচলা। এরপর শুরু হয় মুক্ত আলোচনা।আলোচনায় প্রকৌশল শিক্ষায় বিতর্কের ভূমিকা বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, বুয়েট থেকে ডিগ্রিধারীদের বড় সমস্যা হলো অল্প কথায় নিজেদের বক্তব্য উপস্থাপন করতে না পারা। এ ক্ষেত্রে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেখা গেছে বিতর্কের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পেশাগত জীবনে ভালো অবস্থানে থাকেন। দেশের তরুণ প্রকৌশলীরা রাজনীতিতে অংশ নিলে দ্রুত আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে বলে তাঁর বিশ্বাস।বিতর্কের ক্ষেত্রে সংগঠনের ভূমিকা বিষয়ে বুয়েট ডিসির প্রতিষ্ঠাকালীন সঞ্চালক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত বলেন, সংগঠন ভালো বিতার্কিক তৈরিতে সহায়তা করে। সমালোচনার মাধ্যমে যুক্তি ও বিষয়জ্ঞান উপস্থাপনে দক্ষতা বাড়ায়। তিনি বলেন, ভালো বিতার্কিক হতে হলে মুখস্থ করা চলবে না। স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে হবে। বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে।বিতর্কের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বুয়েট ডিসি যখনই কোনো বড় অনুষ্ঠান করেছে, তখনই প্রথম আলো এগিয়ে এসেছে। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক, বিজ্ঞান প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেও প্রথম আলো প্রতিনিয়ত সহায়তা করছে। বিতর্কের মধ্য দিয়ে যুক্তিনির্ভর প্রকৌশলীদের গড়ার ক্ষেত্রে বুয়েট ডিসির ভূমিকার প্রশংসা করেন তিনি। আলোচনা সভার পর অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন বুয়েট ডিসির সঞ্চালক কবিরুল ইসলাম। এরপর কেক কেটে কুড়ি বছর পূর্তি উদ্যাপন করা হয়। বুয়েট ডিসির প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আরিফ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুরকৌশল বিভাগের চেয়ারম্যান মুজিবুর রহমান, বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।