কুড়িগ্রাম, সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে গত মঙ্গলবার রাতে সহিংসতায় অন্তত ২২জন আহত হয়েছেন। এর মধ্যে ভুরুঙ্গামারীতে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুর রহমানসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ভোটহাট গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুর রহমানের ছোট ভাই হিমু গণসংযোগ চালাতে যান। এ সময় প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী তারিফুল ইসলাম শিকদারের লোকজন তাঁকে লাঞ্ছিত করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আগামী ৮ জুন ভুরুঙ্গামারীর ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।রায়গঞ্জে নির্বাচনোত্তর সহিংসতা ও পাল্টাপাল্টি ধাওয়ায় ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোট গণনা শেষে রাত আটটার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিজয়ী সদস্য রহমতুল বারীর সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী মোজাম্মেল হোসেনের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে ওসমান গনি, মোজাম্মেল হোসেন, খায়রুল ইসলাম, সুজন ও আনন্দ আহত হন।অন্যদিকে চান্দাইকোনা ইউনিয়নের সিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে পরাজিত দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়। গতকাল বুধবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে পরাজিত সদস্য পদপ্রার্থী আকতার হোসেন ও তাঁর সমর্থকেরা প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে বুদ্ধু, রবিউলসহ চারজন আহত হন।