কুড়িগ্রাম ও ঈশ্বরদীতে ভাঙনে শতাধিক বসতঘর বিলীন
কুড়িগ্রাম সদর ও পাবনার ঈশ্বরদীতে গত কয়েকদিনে নদী ভাঙনে শতাধিক বসতঘর, গাছপালা, এক হাজার বিঘা জমিসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নে পদ্মায় ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী ১০টি গ্রামের ১০০টি ঘরবাড়ি, এক হাজার বিঘা জমিসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকে নদী ভাঙনে নিঃস্ব হয়ে রাস্তায় রাত কাটাচ্ছে। গতকাল বৃহস্পতিবারও সকালে সাঁড়ার পালপাড়া এলাকায় ১৯টি বাড়িঘর নদীতে ভেঙে পড়ে। সরেজমিন দেখা যায়, নদীর তীরবর্তী কমরপুর, আরামবাড়িয়া, গোপালপুর, শেখের চক, সাঁড়া, মাজদিয়া, বিলবামনী, ঘোষপাড়া, ইসলামপুরসহ ১০টি গ্রামের মানুষ ভয়াবহ নদী ভাঙনের আতঙ্কে রয়েছে। এসব গ্রামের মানুষ তাঁদের বসতভিটা, আসবাবপত্র বিভিন্ন যানবাহনে করে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। সাঁড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুল আলম সরদার জানান, নদীতে বন্যার পানি বাড়তে শুরু করায় ইউনিয়নে কমরপুর থেকে ইসলামপুর পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার জায়গাজুড়ে নদীভাঙন শুরু হয়েছে। এই গ্রামের নাছিমা খাতুন জানালেন, পাঁচ দিন আগে (সোমবার) তাঁর শেষ সম্বল তিন কাঠার ওপর নির্মিত বাড়িঘর সবটুকুই নদীতে ‘খেয়ে’ ফেলেছে। ঈশ্বরদীর ইউএনও জাকির হোসেন জানান, তিনি ইতিমধ্যে নদীভাঙনের শিকার মানুষের তালিকা তৈরির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে নির্দেশ দিয়েছেন। কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের চর রাউলিয়ায় ধরলা ও ব্রহ্মপুত্র নদে টানা তিন দিনের ভাঙনে ৫৩টি পরিবারের সদস্যরা গৃহহীন হয়েছে। এর মধ্যে ৩২টি পরিবারের বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। বাকি ২১টি পরিবার বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে।সরেজমিনে গতকাল বৃহস্পতিবার চর রাউলিয়া গ্রামে দেখা যায়, লোকজন ভয়াবহ ভাঙনের ফলে বসতঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে। ১৫ হাত দূরে এ গ্রামের মসজিদটি ভাঙনের মুখে। এ ছাড়া রাউলিয়া দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রটি যেকোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে।গোঘাদহ ইউপির সদস্য তৈয়ব আলী জানান, মূল্যবান গাছ ও আশ্রয়কেন্দ্রটি রক্ষার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে ইউএনও বরাবর আবেদন পাঠানো হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদ হোসেন জানান, চর রাউলিয়ার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংশ্লিষ্ট চেয়ারম্যানদের মাধ্যমে চাওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র ও গাছগুলোর তালিকা তৈরি করা হচ্ছে।