কুড়িগ্রাম ও দিনাজপুরে শীতে ১৬ জনের মৃত্যু
কুড়িগ্রাম ও দিনাজপুরে তীব্র শীত পড়েছে। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গত কয়েক দিনে এই দুই জেলায় শীতজনিত রোগে মারা গেছে ১৬ জন।কনকনে ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ায় কুড়িগ্রামের মানুষ কাহিল হয়ে পড়েছে। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো শিশির পড়ছে। অতিরিক্ত ঠান্ডার কারণে দিনমজুরেরা কাজে যেতে পারছেন না। একই কারণে গ্রাম ও শহরাঞ্চলের রাস্তায় লোকজনের চলাচল ছিল কম। শহরের ঘোষপাড়া, কলেজ রোড, শহীদ মিনার ও পুরাতন শহরের নছর উদ্দিন মার্কেটে শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে।কুড়িগ্রাম সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে কুড়িগ্রাম সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ১০ শিশুসহ ১৪ জন মারা গেছে। মারা যাওয়া শিশুরা হলো: নিউ বাবু (১ দিন), আরজিনা (৮), ময়না (১৫ দিন), হাসান (১৮ দিন), আরাফাত (২ মাস), মাহফুজুর (৮), অর্ণব (৩ মাস), মর্জিনা (১ সপ্তাহ), পূর্ণিমা (১ দিন) ও মারুফ (১ মাস)।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তীব্র শীতের কারণে অনেকেই শ্বাসকষ্ট, ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর জানান, শীতে মানুষ কষ্ট পাচ্ছে। কৃষকেরা জানান, আগাম জাতের আলু ও ধানের চারা শীতজনিত রোগে (কোল্ড ইনজুরি) আক্রান্ত হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের বীজতলায় সম্পূরক সেচ দেওয়া ও ওষুধ ছিটানোর পরামর্শ দিচ্ছে।জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, আগে বরাদ্দ পাওয়া শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তীব্র শীতের কারণে জরুরি ভিত্তিতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ১০ হাজার কম্বল ও ১০ হাজার শীতবস্ত্র চেয়ে ফ্যাক্স পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি।শীতজনিত নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দিনাজপুরে দুই শিশু মারা গেছে। শহরের তিনটি হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩ জন। এ ছাড়া শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালগুলোর বহির্বিভাগে দুই শতাধিক শিশু প্রতিদিন চিকিৎসা নিচ্ছে।গত বৃহস্পতিবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, সর্দি, জ্বর, কাশি, আমাশয়, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক শিশুকে এখানে প্রতিদিন চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত বুধবার সন্ধ্যায় টিয়া নামের (১০ মাস) একটি ও রাতে আরেকটি শিশু মারা গেছে।